কালবেলা · general
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
১৫/১০/২০২৬

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)।
জানা গেছে, তারা বিভিন্ন সময়ে নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও আশপাশে বসবাস করতেন। তাদের মধ্যে জিসানের বাড়ি বাকলিয়ার বাস্তুহারা এলাকায়, ইয়াছিনের কক্সবাজারের চকরিয়ায়, হাসানের পটিয়ায় এবং মিজানুরের নোয়াখালীর সুবর্ণচরে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে কল্পলোক আবাসিক এলাকার একটি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন ইমন। এ সময় দোকানের ভেতরে তাকে ধরে ফেলেন দোকান সংশ্লিষ্ট ব্যক্তি মিজানুর রহমান। পরে তাকে আবাসিক এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়। এরপর লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের পাশের একটি খালি মাঠে নিয়ে তাকে আবারও মারধর করা হলে তার মৃত্যু হয়।
পুলিশের দাবি, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিরা বুধবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে ৫ নম্বর সেতুর নিচে লাশটি ফেলে রেখে যান। এ ঘটনায় ইমনের ফুফুর অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, ‘বাকলিয়া থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মূল প্রতিবেদনে যান ↗