বার্সেলোনার মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না মিসরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। তাই আবারও ক্লাবটির দ্বিতীয় দল বার্সেলোনা আতলেতিকে খেলতে শুরু করেছেন তিনি। এই সিদ্ধান্তকে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বার্সেলোনার সাবেক তারকা ইউসেবিও সাক্রিস্তান। পাশাপাশি তরুণ এই ফরোয়ার্ডকে ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, হামজার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ ইউসেবিও। তার মতে, দ্বিতীয় দলে খেলা হামজার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে পারে। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সামর্থ্য আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইউসেবিও বলেন, ‘দ্বিতীয় দলের হয়ে খেলা একজন খেলোয়াড় হিসেবে তার উন্নতির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হবে। নিঃসন্দেহে এটি তার জন্য খুব উপকারী।’
বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন করার সুযোগও হামজার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক এই কোচ। সেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো শিখছেন মিসরীয় তরুণ। তবে শুধু অনুশীলন নয়, ম্যাচ খেলার সুযোগ পাওয়াও তার জন্য জরুরি।
ইউসেবিও বলেন, ‘মূল দলের সঙ্গে থাকা তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছে এবং এমন কিছু শিখছে, যা ভবিষ্যতে তার ফুটবলে কাজে লাগবে। তবে তার ম্যাচও খেলা প্রয়োজন।’
ইউসেবিও মনে করেন, বার্সেলোনার খেলার ধরন হামজাকে উন্নতি করতে সাহায্য করছে। তবে মূল দলে সুযোগ পাওয়া, না পাওয়া নির্ভর করছে কোচ হান্সি ফ্লিকের সিদ্ধান্তের ওপর। তাই পরিস্থিতি নিয়ে অস্থির না হয়ে নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
‘তাকে শান্ত থাকতে হবে। মূল দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত ফ্লিকের, আর সেটিও তার জন্য গুরুত্বপূর্ণ। ধৈর্যই সবচেয়ে বড় বিষয়,’ বলেন ইউসেবিও।
এইচজেএস
