চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
