কালবেলা · আন্তর্জাতিক
ইরানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখবে রাশিয়া: লাভরভ
১৯/১০/২০২৬

ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসবে না রাশিয়া। কঠিন পরিস্থিতির মধ্যেও দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো কার্যকর করার কাজ অব্যাহত থাকবে বলে সোমবার (১৯ অক্টোবর) জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ এ কথা বলেন।
তিনি বলেন, ‘বারবার উল্লেখ করা কঠিন পরিস্থিতি সত্ত্বেও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।’
নিজের বক্তব্যের সমর্থনে লাভরভ জানান, রুশ বিশেষজ্ঞরা ধীরে ধীরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিরছেন।
জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, হাইড্রোকার্বন উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হচ্ছে।
এ ছাড়া রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ভবিষ্যৎ রাশত-আস্তারা রেলপথ প্রকল্পের রুটে প্রকৌশলগত জরিপ চালিয়ে যাচ্ছে। ইরান প্রয়োজনীয় নথিপত্রের প্রক্রিয়া সম্পন্ন করলেই নির্মাণকাজ শুরু হবে বলে জানান লাভরভ।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বেড়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০ বছর মেয়াদি একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন। এতে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও পরিবহন খাতে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের কথাও বলা হয়েছে। তবে এতে পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চিত করার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
সূত্র : তাস
মূল প্রতিবেদনে যান ↗