দেশকে নানা উপায়ে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পরাজিত ফ্যাসিস্টের দোসররা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করছে পরাজিত ফ্যাসিস্টের দোসররা।
তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। এখন এই সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন, এ দেশের একজন বরেণ্য ব্যক্তি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে বিমানবন্দরে পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোসররা অসম্মান করেছে। যাঁকে বিদেশের মানুষ সম্মান করেন, তাঁকে অসম্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে বসে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের কাছে দেশ থেকে পাচার করে নেওয়া বিপুল পরিমাণ অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের টাকা এই চক্রান্তকারীদের কাছে রয়েছে।
রিজভী বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং জনগণের মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসচ্ছল পরিবারগুলোতে সচ্ছলতা ফিরিয়ে আনতে ইতিমধ্যে নানা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় মানুষকে দেওয়া হচ্ছে ভাতা কার্ড।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানে, চলমান যুদ্ধের কারণে জ্বালানিসংকটসহ নানা সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করছে। খুব শিগগিরই এই সংকট কেটে যাবে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একটি ঘরের চাবি হস্তান্তর করেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন ও অসহায় মানুষের মধ্যে অর্থসহায়তা প্রদান করেন তিনি। রিজভী উপজেলার গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াবা ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন ও মোস্তফা কবিরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
