সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
হুতিদের সংবাদমাধ্যম আল-মাসিরার বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, আজ সানায় একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে একটি সিমেন্ট কারখানায় হামলায় এক শিশু ও ছয় নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া আরেকটি বাড়িতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
এর আগে আজ পবিত্র নগরী মক্কা, তাইফসহ চারটি এলাকায় সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি জোটের দাবি, তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এদিকে, সৌদিতে মার্কিন দূতাবাস থেকে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা আরও হামলার হুমকি দিলে এই নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র।
এর আগে চলতি মাসের শুরুর দিকে রিয়াদে বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হন। সৌদির বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালায় হুতি বিদ্রোহীরা।
