বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়িয়েছেন ট্রাইব্যুনাল। প্রতিবেদন জমার জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার অপর আসামি বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ রোববার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল আহসান। শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম ও শাইখ মাহদীসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার দিন ধার্য করা হয়েছিল। তার আগে ৯ আগস্ট একই আদালত সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। জিয়াউল আহসানকে আগেই এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জিয়াউল ও সাইফের বিরুদ্ধে তদন্ত সংস্থা অনেক অভিযোগ পেয়েছে এবং তাদের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে দুজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে প্রসিকিউশন জানিয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিআলো/শিলি