টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও ব্যাটারি চুরির ঘটনায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পুলিশের তদন্তে চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের দুই যৌথ মালিকের নামও এসেছে। এ ছাড়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সজীব ওরফে উৎসব পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর পৌর শহরের চাড়ালজানি এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গিনাপাড়ার একটি বাড়ি থেকে চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধুপুরের আঙ্গিনাপাড়ার মৃত নয়ন মণ্ডলের ছেলে মো. ইসমাইল হোসেন, গোবদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মিন্টু মিয়া, পৌর শহরের বোয়ালী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মো. আমজাদ হোসেন এবং টেংরী সিএনবি মোড়ের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহবুব খান মারুফ। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ইসমাইল হোসেন ও মিন্টু মিয়া চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের যৌথ মালিক।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, সম্প্রতি মধুপুরে কয়েকটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে এসআই মো. দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চাড়ালজানি এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স মালা ট্রেডার্সে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসমাইল হোসেনের আঙ্গিনাপাড়ার বাড়ি থেকে একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অটোরিকশা ও ব্যাটারি জব্দ করে আলামত হিসেবে থানায় আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএ
