দশ বছরের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেট খেলছেন নুরুল হাসান সোহান। তবে এই সময়ের মধ্যে ওয়ানডে ক্রিকেটে কোনো অর্ধশতকও করতে পারেননি তিনি। যখনই জাতীয় দলে সুযোগ পান ব্যর্থতার পরিচয় দেন। দলের হয়ে কোনো সময়ই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, যে কারণে বাদ পড়েন হঠাৎ করেই।
সবশেষ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন সোহান। তাকে নিয়ে আজ শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘সোহান তো এসেছে লিটনের জায়গায়। সোহানকে সুযোগ দিয়েছি। সে তার সুযোগের খুব একটা ভালো ব্যবহার করেছে, তা বলতে পারছি না। সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। তার কাছে প্রত্যাশা আরেকটু বেশি ছিল। কিন্তু এমনটা হতে পারে, কেননা সুযোগটা কম পান।’
পরে দলের সমস্যা তুলে ধরে বাশার বলেন, ‘আমাদের সমস্যা টপ অর্ডারে। আপনি যখন প্রথম ১০ ওভারে ২/৩ উইকেট হারিয়ে ফেলবেন, তখন সবসময় চাপে থাকবেন। মিডল অর্ডার সবসময় চাপে পড়ে যায়। আগের পরিসংখ্যানগুলো দেখলে বুঝবেন, আমাদের ওপেনিং পার্টনারশিপ ভালো হলে ২৬০, ২৭০, ২৮০ রান করেছি। আমার মনে হয় মিডল অর্ডার না, টপ অর্ডারে সমস্যা।’
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে মিডল অর্ডারে ফিরেছেন রাব্বি। ওয়ানডেতেও ফিরবেন কিনা প্রশ্নে বাশার বলেন, ‘আমরা ইয়াসির রাব্বিকে টি-টোয়েন্টি দলে নিয়েছি, হয়তো ভবিষ্যতে ৫০ ওভারের ক্রিকেটেও দলে নিতে পারি।’
এসএইচ/এমএমএম
