মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে আবারও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কটির উভয় প্রান্তে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাতায়াতের ভোগান্তি কমার আশা করা হচ্ছে।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল একটি সশস্ত্র গোষ্ঠী। এ হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখেন পরিবহনশ্রমিকেরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্টরা। আলোচনায় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার পর সড়কটিতে বাস চলাচল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা বাস চালাতে সম্মত হয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠকে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনের সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
দীর্ঘ ছয় দিন পর গুরুত্বপূর্ণ এ সড়কে বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় স্থানীয় যাত্রীদের পাশাপাশি থানচি ও নীলগিরি ভ্রমণে আসা পর্যটকদের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
