
যুবদল নেতা কাউছার হত্যা পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড
মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তাঁর স্বজনরা। এ মামলার প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তাঁর ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।
এদিকে, মামলার প্রধান দুই আসামি তৌহিদ ও তানজীরকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।
এর আগে মামলা দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন নিহত কাউছারের স্বজনরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রথমে শুধু প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুইজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা নিয়ে স্বজনদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। পরে পাঁচজনকে আসামি করে মামলাটি গ্রহণ করে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা মহানগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় কাউছারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তিনি স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তাঁর ভাই তানজীরকেও আটক করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ, পরিকল্পনা ও অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
