বর্তমান সময়ে স্মার্টফোন এবং ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী। অফিসের কাজ হোক বা অবসর সময় কাটানো, বেশির ভাগ সময়ই কোনও না কোনও ডিজিটাল যন্ত্রের সামনে কাটে।
কোলে ল্যাপটপ রেখে কাজ করলে যে ক্ষতি
অনেকেই সোফায় বসে কিংবা বিছানায় শুয়ে কোলে ল্যাপটপ রেখে কাজ করেন। কিন্তু ল্যাপটপ ব্যবহারের সময় তাপ উৎপন্ন হয়। দীর্ঘক্ষণ ল্যাপটপ কোলে রাখলে অণ্ডকোষের আশপাশের তাপমাত্রা বাড়তে পারে। পুরুষের শরীরে শুক্রাণু তৈরির স্বাভাবিক প্রক্রিয়ার জন্য অণ্ডকোষের তাপমাত্রা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার তুলনায় কিছুটা কম থাকা প্রয়োজন। অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে শুক্রাণুর উৎপাদন এবং গুণমান প্রভাবিত হতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে।
প্যান্টের পকেটে মোবাইল রাখলে যে ক্ষতি
স্মার্টফোন প্যান্টের পকেটে রাখা অত্যন্ত সাধারণ অভ্যাস। মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি বা আরএফ তরঙ্গ পুরুষের প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। কিছু গবেষণায় শুক্রাণুর গতিশীলতা ও গুণমান কমতে দেখা গিয়েছে৷
প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন?
১. দীর্ঘক্ষণ ল্যাপটপ কোলে রেখে কাজ করবেন না। ডেস্ক বা ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করুন।
২. মোবাইল ফোন সব সময় প্যান্টের সামনের পকেটে রাখার অভ্যাস বদলাতে পারেন।
৩. নিয়মিত শরীরচর্চা করুন এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করুন।
৪. ধূমপান এড়িয়ে চলুন এবং মদ্যপানের অভ্যাস থাকলে তা কমানোর বিষয়ে সচেতন হন।
৫. পর্যাপ্ত ঘুমোন এবং সুষম খাবার খান।
৬. দীর্ঘদিন চেষ্টা করেও সন্তানধারণে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলেই প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এমন ধারণা ঠিক নয়। তবে কাজের ধরন ও দৈনন্দিন অভ্যাসে ছোটখাটো পরিবর্তন সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।