এনসিপির নতুন কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন কুমিল্লার কৃতি সন্তান নাভিদ নওরোজ শাহ্
অনলাইন ডেক্স
- আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত এই কমিটিতে এনসিপির আহ্বায়ক পদে জনাব নাহিদ ইসলাম এমপি এবং সদস্য সচিব পদে জনাব আখতার হোসেন এমপি স্বপদে বহাল রয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব নাসিরুউদ্দীন পাটওয়ারী ও জনাব হাসনাত আবদুল্লাহ এমপি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন জনাব সারজিস আলম ও জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই পুনর্গঠিত কমিটিতে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান জনাব নাভিদ নওরোজ শাহ্। তাকে সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক বিভাগের অধীনে রয়েছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর—এই ছয়টি গুরুত্বপূর্ণ জেলা।
রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে নাভিদ নওরোজ শাহ্ এক পরিচিত মুখ। পেশায় তিনি একজন মানবাধিকার আইনজীবী। কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে সফলতার সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের বিখ্যাত কার্ডিফ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় (এনজিও) পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং পেশাজীবী জনগণকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন নাভিদ নওরোজ শাহ্।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপি মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রাথমিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে ১১ দলীয় জোট গঠিত হলে দলীয় সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
রাজনীতি ও পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও তিনি সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি ‘ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক এবং তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংস্থা ‘জেসিআই (JCI)’-এর ঢাকা আপটাউন চ্যাপ্টারের সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন।
এনসিপির এই পুনর্গঠনে নাভিদ নওরোজ শাহ্কে চট্টগ্রাম উত্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় কুমিল্লাসহ পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
