স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশন গত দুই বছরেও চালু করা হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও স্মারকলিপি দিয়েও সমাধান না পাওয়ায় এবার মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় রামপালের ভাগা রেলস্টেশন এলাকায় স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভাগা রেলস্টেশন চালু করা জরুরি। স্টেশনটি চালু হলে সাধারণ মানুষ কম খরচে ও কম সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়রা জানান, রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত বিশ্বমানের চিকিৎসাসেবাকেন্দ্র ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের যাতায়াতেও ভোগান্তি হচ্ছে। রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনব্যবস্থা। অথচ স্টেশনটি চালু না থাকায় এ অঞ্চলের মানুষ রেলসেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত ভাগা রেলস্টেশন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাগা রেলস্টেশন চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
The post রামপালে ভাগা স্টেশন চালুর দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম appeared first on লোকসমাজ.
