আজকাল ওয়েবডেস্ক: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান পুজো মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কমপক্ষে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। যাঁদের মধ্যে আশঙ্কাজনক অনেকেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনার পর শোকপ্রকাশ করলেন রাজ্যপাল আর এন রবি।
চোরবাগান পুজো মণ্ডপের দুর্ঘটনার পর শনিবার রাতে এক্স হ্যান্ডেলে লোকভবনের তরফেও একটি পোস্ট করা হয়েছে। লোকভবনের তরফে জানানো হয়েছে, "কলকাতার একটি দুর্গাপুজোর মণ্ডপে পদদলিত হয়ে বহুমূল্য প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকের এই মুহূর্তে শোকার্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। - রাজ্যপাল রবি।"
https://x.com/lokbhavan_wb/status/2111496905029267689
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী (ডিএমজি) এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আপাতত দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে।
আহতদের সঠিক সংখ্যা, তাঁদের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
শনিবার রাতে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তর কলকাতায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য হেল্পলাইন নম্বর 18003455678 -তে ফোন করে খবর নেওয়া যাবে।
