in মতলব দক্ষিণ
সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক মা ও তাঁর ছেলে। ইসলাম গ্রহণের পর নতুন নাম নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। সম্প্রতি ছেলেকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সুন্নতে খাতনা করাতে আসেন মা খায়রুন নাহার। এ সময় মা-ছেলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাসুদ ব্যাপারী নামে এক ব্যক্তি।
ইসলাম গ্রহণের আগে ওই নারীর নাম ছিল সুমি সরকার এবং তাঁর ছেলের নাম ছিলো রবিন সরকার। ইসলাম গ্রহণের পর মায়ের নাম রাখা হয়েছে খায়রুন নাহার এবং ছেলের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ।
জানা গেছে, মা-ছেলে আগে ঢাকার ডেমরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁদের স্থায়ী ঠিকানা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে সন্তানকে নিয়ে চাঁদপুরে অবস্থান করছেন খায়রুন নাহার।
খায়রুন নাহার জানান, ইসলামের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই তিনি স্বেচ্ছায় এ ধর্ম গ্রহণ করেছেন। তাঁর ছেলে আব্দুল্লাহও নিজের ইচ্ছায় ও সচেতনভাবে আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। নতুন পরিচয়ে মা-ছেলের জীবনযাপন স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে নতুন জীবন শুরু করা মা-ছেলের পাশে দাঁড়িয়েছেন মাসুদ ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি তাঁদের আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আব্দুল্লাহকে নিজের ভাই এবং খায়রুন নাহারকে মায়ের মতো সম্মান করেন বলেও জানান তিনি।
ধর্মান্তরের মধ্য দিয়ে নতুন পরিচয়ে জীবন শুরু করা মা-ছেলের সামনে এখন রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশেষ করে আবাসন, আর্থিক সচ্ছলতা ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে তাঁদের সহযোগিতা প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে তাঁদের প্রতি সহমর্মিতা, সামাজিক সহযোগিতা এবং নিরাপদে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৮ অক্টোবর ২০২৬
