Published : 17 Oct 2026, 07:48 PM
Updated : 17 Oct 2026, 08:10 PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ১০ মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম।
শিশুটির নাম রাইয়ান। সে ঘুটাবাছা গ্রামের রাসেল খান ও রুমা বেগমের ছেলে।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, খালের পাশে দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন কাপড়ের ব্যাগে ভরা অবস্থায় শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরে রাইয়ানের বাবা রাসেল খান লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাবার পাশে ঘুমিয়ে ছিল রাইয়ান। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে ঘরে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের পুকুরসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।
এ ঘটনায় রাতে রাইয়ানের মা রুমা বেগম তার ছোট বোনের স্বামী আল আমিনসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করেছে।
ওসি নজরুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যার অভিযোগ করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি বলেন, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
