
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তার
শারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম। উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর রাখতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এসব নির্দেশনা দেন পুলিশ সুপার।ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
নিরাপত্তা জোরদারে প্রতিটি পূজামণ্ডপে নিয়মিত নজরদারি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনাও দেন পুলিশ সুপার। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথা বলেন তিনি।
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অমনোযোগিতা বরদাশত করা হবে না উল্লেখ করে পুলিশ সুপার বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদ্যাপন সম্ভব।ব্রিফিংয়ের শেষে পুলিশ সুপার দুর্গাপূজার পুরো সময়জুড়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা।
ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন
