দুর্গাপূজার দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে পূজামণ্ডপে যান টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার সিঁথিতে ছিল সিঁদুর, হাতে শাঁখা। অভিনেত্রীর স্বামী যশ দাশগুপ্ত তার ছবি তোলেন। পরে সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই শুরু হয় নানা আলোচনা ও কটাক্ষ। শুরুতে নীরব থাকলেও এবার সমালোচকদের জবাব দিয়েছেন অভিনেত্রী। সমালোচনার জবাবে নিজের সামাজিক মাধ্যমে নুসরাত লেখেন, ‘উৎসব তো সবার। আমি চিরকাল সব উৎসব পালন করি। অনেকেই বলে, তুমি তো জাহান। আমি কোনোদিন কাউকে জবাব দিইনি। যারা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন, আমার মনে হয় তাদেরও জবাবদিহি করা উচিত নয়। কারণ এটা ব্যক্তিগত পছন্দ।’ সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী আরও লেখেন, তার সামাজিক মাধ্যমের মন্তব্যের ঘরেও অনেকে নানা কথা লিখছেন। যারা নিজেদের ধর্ম সম্পর্কে সব জানেন বলে মনে করেন, তাদের উদ্দেশে নিজের অবস্থানও স্পষ্ট করেন তিনি। নুসরাতের ভাষায়, ‘আমার পোস্টের কমেন্ট বক্সেও দেখেছি অনেকে অনেক কিছু লিখছেন। যাদের মনে হয়, তারা নিজের ধর্মের বিষয়ে সবকিছু জানেন, আমি তাদের থেকে একটু হলেও বেশি জানি। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’
