অনলাইন ডেস্ক
গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে সরে এসেছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠক শেষে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তাঁর একটি ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। ওই বৈঠকের ভিত্তিতে গ্রিনল্যান্ড বিষয়ে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, এই সমাধান চূড়ান্ত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত সব দেশের জন্যই ইতিবাচক হবে। এই বোঝাপড়ার পরিপ্রেক্ষিতেই ইউরোপের আট দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রিনল্যান্ড–সম্পর্কিত ‘দ্য গোল্ডেন ডোম’ বিষয়ে আলোচনা এখনো চলমান। এসব আলোচনায় যুক্ত থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফসহ শীর্ষ কর্মকর্তারা।
এর আগে ডব্লিউইএফে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত, যদিও তিনি জোর দিয়ে বলেন—এ জন্য বলপ্রয়োগ করা হবে না। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি বর্তমানে ইউরোপের অংশ।
রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত থেকেই এবার সরে এলেন তিনি।
