প্রখ্যাত চিত্রশিল্পী ও রাজ্যসভার সাবেক সদস্য যোগেন চৌধুরী (৮৭) মারা গেছেন। রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে বিরল ধরনের রক্তের ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী। তার মৃত্যুতে ভারতীয় শিল্প ও সংস্কৃতির জগতে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ১৪ মাস ধরে মাইলোপ্রোলিফারেটিভ নিওপ্লাজম নামের বিরল রক্তের ক্যানসারে ভুগছিলেন যোগেন চৌধুরী। চলছিল কেমোথেরাপি। দুর্গাপূজার ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তের ক্যানসারের পাশাপাশি মূত্রনালির সংক্রমণ এবং অন্যান্য শারীরিক জটিলতা তার অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। সংক্রমণের কারণে সেপসিসের উপসর্গ দেখা দেওয়ায় শনিবার তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তায় রাখা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন শিল্পী।
১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। দেশভাগের সময় পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটে পড়াশোনার মধ্য দিয়ে তার প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা শুরু হয়। পরবর্তী সময়ে শিক্ষকতা এবং বস্ত্রশিল্পের নকশা তৈরির কাজেও যুক্ত ছিলেন তিনি।
১৯৬৫ সালে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান। ইউরোপীয় শিল্পধারার সঙ্গে পরিচয় তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করে। ভারতীয় ও ইউরোপীয় শিল্পরীতির প্রভাবকে নিজস্ব ভঙ্গিতে মিলিয়ে গড়ে তুলেছিলেন স্বতন্ত্র শিল্পভাষা।
তার ছবিতে মানুষের শরীর, মুখের অভিব্যক্তি, নিঃসঙ্গতা, সামাজিক বৈষম্য এবং ক্ষমতার দ্বন্দ্ব বিশেষভাবে ফুটে উঠত। রেখার ব্যবহার এবং মানুষের অবয়বকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য দেশ-বিদেশে প্রশংসা পেয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের চিত্রশালার তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করেন এই শিল্পী।
চিত্রকলার পাশাপাশি কলকাতার দুর্গাপূজার শিল্পভাবনাতেও অবদান রেখেছেন যোগেন চৌধুরী। বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ও চালচিত্রের নকশা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার কাজ শিল্পকলাকে গ্যালারির গণ্ডি থেকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছিল।২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন যোগেন চৌধুরী।
২০২০ সাল পর্যন্ত সংসদের উচ্চকক্ষে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন তিনি। রাজনীতিতে যুক্ত হলেও শিল্পচর্চাই ছিল তার পরিচয়ের প্রধান ভিত্তি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি যোগেন চৌধুরীকে কিংবদন্তি শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, তার অনন্য তুলির টান আধুনিক ভারতীয় চিত্রকলাকে নতুন মাত্রা দিয়েছিল। তার সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।