২৪ থেকে ২৯ অক্টোবর ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ স্টেজ-২ (ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১২ জন আরচ্যারকে নিয়ে ইরাকের উদ্দেশ্য আগামীকাল (বৃহস্পতিবার) সকালে রওনা হচ্ছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।’
বাংলাদেশ আরচ্যারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে এবং টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। মূল লক্ষ্য পোডিয়াম (পদক অর্জন)।’
সাম্প্রতিক এশিয়ান গেমসে আশানুরূপ ফল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইরাকে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন দেশসেরা আরচ্যাররা। তাদের একজন আব্দুর রহমান আলিফ বলেন, ‘এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে। সেই শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি।’
কম্পাউন্ড আরচ্যার হিমু বাছার বলেন, ‘এশিয়ান গেমসের পর প্র্যাকটিসের সময় কিছুটা কম মিললেও ইনডিভিজুয়াল, মিক্সড টিম ও টিম এই তিনটি বিভাগেই প্রস্তুতি বেশ ভালো হয়েছে।’
এজেড/এফএইচএম
