শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার নানামুখী সম্ভাবনা, আন্তর্জাতিক স্কলারশিপ এবং ক্যারিয়ার গঠনের পথ সুগম করতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) `Higher Education and the Pathways’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আয়েশা মেমোরিয়াল হলে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি-র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া।
সেমিনারে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপন করেন ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জিলানি। তিনি তাঁর বক্তব্যে সমসাময়িক বিশ্বে প্রযুক্তি ও গবেষণানির্ভর উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএসআইএম-এর অ্যাম্বাসেডর ও সহযোগী অধ্যাপক ড. মো. ইউসুফ আলী। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুবিধা, পূর্ণাঙ্গ স্কলারশিপ ও উচ্চতর গবেষণার সুযোগ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
সেমিনার শেষে এইউবি এবং মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ইউএসআইএম-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে দুই দেশের শিক্ষার্থীরা উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার ও সেমিস্টার বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে জলবায়ু, প্রযুক্তি ও আধুনিক শিক্ষাপদ্ধতি নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে এইউবি-র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।
