মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৪০ কেজি অবৈধ ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও বলেন, এ অভিযান কার্যক্রম আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. নবীরুল ইসলাম এবং মুন্সীগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সক্রিয় সহযোগিতা প্রদান করে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।
