শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের কারাগারগুলোতে হিন্দু ধর্মাবলম্বী বন্দিদের ধর্মীয় আচার পালনের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের চাহিদা অনুযায়ী প্রতিমা, পূজার উপকরণ ও অন্যান্য সামগ্রী সরবরাহের পাশাপাশি বিশেষ খাবার এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৭৪টি কারাগারেই কমবেশি হিন্দু বন্দি রয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে কোনো বন্দি কারাগারের ভেতরে পূজার আয়োজন করতে চাইলে তাঁর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-হাই সিকিউরিটিতে থাকা প্রায় ৯১ জন হিন্দু বন্দির জন্য তাঁদের চাহিদা অনুযায়ী ছবিযুক্ত প্রতিমা ও পূজার উপকরণের ব্যবস্থা করা হয়েছে। কারাগারের ভেতরেই পূজার আয়োজন করেছেন বন্দিরা।
কারা অধিদপ্তরের মিডিয়া শাখা জানিয়েছে, ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসবে মুসলিম বন্দিদের যেভাবে ধর্মীয় আচার পালনের সুযোগ-সুবিধা দেওয়া হয়, দুর্গাপূজা উপলক্ষেও একইভাবে হিন্দু বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারে বন্দিরা নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী পূজার আয়োজন করছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর জেলার সাখাওয়াত হোসেন রুবেল বলেন, কারা মহাপরিদর্শক মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে কারাগারে আটক হিন্দু ধর্মাবলম্বী বন্দিদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের চাহিদা অনুযায়ী পূজার উপকরণ ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, বন্দিদের জন্য বিশেষ খাবার, পূজার উপকরণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বাড়তি সুযোগ নিশ্চিত করা হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব বন্দির ধর্মীয় অধিকার, মানবিক মর্যাদা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, কারাগারের পরিবেশেও তাঁরা উৎসবের আনন্দ ও সম্প্রীতির অনুভূতি লাভ করুন।
