তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা নাকি ভরত কল, কে বেরিয়ে যাবে বিগ বস দুর্গ থেকে, তা নিয়ে জল্পনা ছিলই। রবিবার দাদার দরবারে সেই জল্পনার অবসান। দর্শকদের ভোটিংয়ের ভিত্তিতে এবার দুর্গ ছাড়লেন ভরত কল। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়লেন প্রতিযোগীরা। দর্শকদের ভোটিংয়ের জেরে আরও এক সপ্তাহের জন্য টিকে গেলেন সোনামণি ও তনুশ্রী।
বিগ বসে রবিবার মানেই একজনের বেরিয়ে যাওয়ার পালা। শনিবার রাজবীর-নন্দিনী-দুর্নিবারকে বকুনির পরই সৌরভের গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন নমিনেটেডদের মধ্যে কারা কারা সেফ জোনে। তাতেই জানা গিয়েছিল, আনসেফ তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা ও ভরত কল। প্রতিযোগীদের অধিকাংশেরই ধারণা ছিল, এসপ্তাহে বেরিয়ে যাবেন তনুশ্রী। প্রকাশ্যেও সেকথা বলেছেন সৌরভ ও রণিতা। তবে ভাগ্য নির্ধারণের ভার যে দর্শকের হাতে। তাঁদের ভোটিংয়ে বেরিয়ে যেতে হল ভরত কলকে।
শোয়ের শুরু থেকেই অভিভাবকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। প্রতিক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়েছেন। সকলের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে নিয়ে গিয়েছেন দুর্গ। স্বাভাবিকভাবেই তাঁর এভিকশনে মন খারাপ সকলেরই। তবে এদিন তাঁকে দুর্গ ছাড়তে বলে জানার পরই অভিনেতার মুখে প্রথম শোনা যায়, মেয়ের কথা। বলেন, “আরিয়ার কাছে ফিরব।” তবে তাঁকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসান হাউসমেটরা। ঘরে নিজেকে সামলে নিলেও দুর্গ থেকে বেরিয়ে আর তা পারলেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিগ বস জার্নি নিয়ে আলোচনা করতে গিয়ে চোখের জলে ভাসলেন অভিনেতা। বললেন, “স্মরণীয় যাত্রা। এভাবে এগিয়ে যেতে পারব ভাবিনি।”
