নিজস্ব প্রতিবেদক
যশোর জিলা স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৪০ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন উপস্থিত ছিলেন।
যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক মো. মনিরুজ্জামান, লক্ষণ কুমার বিশ্বাস ও জেসমিন আক্তার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষাজীবনের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও উন্নত ফলাফল করার জন্য অনুপ্রাণিত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও অর্জনের উপযুক্ত স্বীকৃতি প্রদান এবং আগামীতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করার লক্ষ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অডিটোরিয়ামকে উৎসবমুখর করে তোলে।
