Published : 16 Oct 2026, 10:01 AM
Updated : 16 Oct 2026, 10:00 AM
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
তাদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অভিযান চলাকালে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
