সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফায়েল আহমদ স্বপন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তোফায়েল আহমদ স্বপন উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেওটি হাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কানাইঘাট থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই বাবুল মিয়া, নিয়াজ মোহাম্মদ শরীফ ও এএসআই শামীম নূরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার এলাকার একটি গলিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তোফায়েল আহমদ স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানায়, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
