মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নেমে জেলেদের ধাওয়ায় উল্টে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এ সময় নদীতে নৌ পুলিশের ১০ সদস্য পড়ে যান। তাঁদের সঙ্গে থাকা একটি শটগান পানিতে তলিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে সাতটায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তরের ছটাকী এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
চাঁদপুর সদর নৌ পুলিশ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান। এর অংশ হিসেবে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ভোরে মেঘনা নদীতে অভিযানে নামে। সকাল সাড়ে সাতটায় তাঁরা স্পিডবোট নিয়ে মতলব উত্তরের ষাটনল ও ছটাকী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জেলেদের ধাওয়া করেন। এ সময় জেলেদের পাল্টা ধাওয়ায় নৌ পুলিশের স্পিডবোট উল্টে ডুবে যায়। পুলিশ সদস্যরা সাঁতরে প্রাণে বাঁচলেও তাদের একটি শটগান ডুবে যায়।
খবর পেয়ে চাঁদপুর থেকে নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীর ছটাকী এলাকায় জেলেদের ধাওয়ায় নৌ পুলিশের একটি স্পিডবোট উল্টে ডুবে গেছে। পুলিশ সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন। স্পিডবোটটিও উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের একটি শটগান নদীতে ডুবে গেছে। শটগান উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করছে। এ ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
