রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অষ্টম দিনে ১ লাখ ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে তিন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক।
অভিযান-সংক্রান্ত তথ্যে জানা যায়, ১৪ অক্টোবর বিকেল থেকে ১৫ অক্টোবর দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে চারটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ২২ হাজার মিটার জাল ও ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এ ছাড়া গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করায় তিন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ অভিযানে কাউকে অর্থদণ্ড দেওয়া হয়নি।
গোয়ালন্দ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীর সামসুজ্জামান সৌরভ/ এনটি
