পাকিস্তানের করাচিতে বিক্ষোভ-সমাবেশের কারণে জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন নগর কমিশনার। রোববার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে দেশটির বার্তাসংস্থা ডন।
করাচির কমিশনার সৈয়দ হাসান নকভি জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও গোলচত্বরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এসব কর্মসূচি গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক অবরোধের ফলে জনজীবন ব্যাহত হচ্ছে, জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং হাসপাতালে যাতায়াত কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে করাচি বিভাগের আওতাধীন এলাকায় পাঁচজনের বেশি মানুষের যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচজনের বেশি মানুষের অংশগ্রহণে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল বা অন্য কোনো গণজমায়েত আয়োজন, আহ্বান, পরিচালনা, সহযোগিতা কিংবা তাতে অংশ নেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো, জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ ও জরুরি সেবার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাকিস্তানের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারে।
