ঢাকার সাভারে নিখোঁজ এক শিক্ষার্থীর খোঁজে মাদ্রাসায় গিয়ে হামলার শিকার হয়েছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও মেয়ের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার তার বাবা-মা ও আত্মীয়স্বজন মাদ্রাসায় যান। সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। মেয়েকে খুঁজে পেতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।’
মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’
