জল্পনা আগেই রটেছিল। জানা গিয়েছিল, আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন রুক্মিণী মৈত্র। আর এবারে তিনি কাজ করতে চলেছেন অক্ষয় কুমারের সঙ্গে। নায়িকা হচ্ছেন তাঁর। এবার জানা গেল সেই জল্পনা সত্যি। আর সেই সিলমোহর দিল ছবির প্রযোজনা সংস্থা।
'শামুক' ছবিতে থাকতে চলেছেন রুক্মিণী মৈত্র। এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন সানশাইন পিকচার্স। তাদের তরফে এদিন রুক্মিণীর একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি রুক্মিণী মৈত্র 'শামুক' -এর কাস্টে যুক্ত হলেন। 'সনক' ছবিতে একসঙ্গে কাজ করার পর, দারুণ অভিজ্ঞতার পর আমরা দারুণ উচ্ছ্বসিত আবারও তাঁর সঙ্গে কাজ করতে পেরে। আরও একটা দুর্দান্ত সফর হতে চলেছে একসঙ্গে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রুক্মিণী মৈত্র ২০২১ সালে 'সনক' ছবিতে কাজ করেছিলেন সেখানে তাঁর বিপরীতে ছিলেন বিদ্যুৎ জামওয়াল। সেই ছবিটির প্রযোজনাও করেছিল সানশাইন পিকচার্স।
https://www.instagram.com/p/DeySbfCuBjt/?utm_source=ig_web_copy_link&obrf=NTc4MTIwNjQ2YQ==
প্রসঙ্গত, ইউকেতে শুটিং চলছিল অক্ষয় কুমার অভিনীত এই ছবির। অক্ষয় কুমার অভিনীত 'শামুক' ছবিটি কণিষ্ক ভার্মা পরিচালন করছেন। এটি একটি আদ্যোপান্ত সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার হতে চলেছে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চরিত্রে দেখা যেতে পারে রুক্মিণী মৈত্রকে। কোন চরিত্র সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু কেন রুক্মিণী মৈত্রকেই পছন্দ হল নির্মাতাদের? জানা গিয়েছে, তাঁরা এমন কাউকে খুঁজছিলেন যাঁর ব্যক্তিত্ব অত্যন্ত প্রখর এবং স্ক্রিন প্রেজেন্স ভাল।
'শামুক' ছবিটির প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর আবার এই ছবির হাত ধরে একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার এবং বিপুল অমৃতলাল শাহ। অতীতে তাঁরা 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি', 'অ্যাকশন রিপ্লে', 'নমস্তে লন্ডন', 'ওয়াক্ত: দ্য রেস এগেনস্ট টাইম', ইত্যাদির মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা 'শামুক' ছবিটির।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রুক্মিণী মৈত্র কয়েক মাস আগে দেব প্রযোজিত এবং অভিনীত ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির শুটিং শেষ করেছেন। এই ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির। কিন্তু পিছিয়ে গিয়েছে দেবের এই ছবির রিলিজ। নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। রুক্মিণী মৈত্র বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। বিগত এক দশকের বেশি সময় ধরে দাপিয়ে কাজ করছেন।
https://youtu.be/dIQLVUVk9jc?si=zUJY-7nLW-HqXNX_
