দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ১১:২৪ পিএম
রাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি করপোরেশনের প্রশাসকের সামনে তুমুল লংকাকাণ্ড ঘটেছে। বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের উচ্ছেদকারী দলের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময়ে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান পৌছালে তাঁকে অবরুদ্ধ করে রাখে হকাররা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ অক্টোবর রাত ৯টায় শায়েস্তা খান সড়তে কয়েকটি ভ্যান গাড়ির মালামাল জব্দ করা হয়। এক পর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে যান। উচ্ছেদ কর্মীদের মারধর করতে থাকেন। সেই সাথে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন। তাঁর উপর হামলার চেষ্টা করেন। তখন সিটি করপোরেশনের উচ্ছেদকারী দলের সদস্য ও নেতাকর্মীরা সাখাওয়াতকে ঘিরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এসময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। সেই সাথে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিলো।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, প্রশাসক উচ্ছেদ অভিযানে আসছিলো। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানায়নি। উনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সাথে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর আমাদের সংবাদ দিলে আমি সহ আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাই। সেই সাথে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
