Left Front Rally In Siliguri
বই স্টলে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বামফ্রন্টের মিছিল
-
- 24 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
রাজ্য জুড়ে শারদউৎসব উপলক্ষে বই বিক্রয় কেন্দ্রে বিজেপি আরএসএস দ্বারা পরিকল্পিত আক্রমণ ও বইয়ের অপমানের প্রতিবাদে শিলিগুড়িতে বামপন্থীদের বিশাল মিছিল। মার্কসীয় পত্রপত্রিকা ও প্রগতিশীল সাহিত্যের বিক্রয় কেন্দ্রে হামলার ঘটনার ধিক্কার জানিয়ে শনিবার শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল হয়েছে। ‘বই পড়ুন, বই বাঁচান—পশ্চিমবঙ্গের শিল্প সংষ্কৃতির ঐতিহ্যকে রক্ষা করুন’ এই আহ্বান জানানো হয় এদিনের বামপন্থী দল সমূহের মিছিল থেকে। বিকেলে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কের সামনে থেকে দার্জিলিঙ জেলা বামপন্থী দলসমূহের তরফে মিছিল বের হয়। সংবিধান ও গণতন্ত্র রক্ষার পক্ষে হামলার বিরুদ্ধে বাঘাযতীন পার্ক থেকে অসংখ্য মানুষ মিছিলে পা মিলিয়েছেন।
মিছিলে হেঁটেছেন সিপিআই(এম)’র প্রবীন নেতা অশোক ভট্টাচার্য। সামনের সারিতে ছিলেন সিপিআই(এম) রাজ্য নেতা জীবেশ সরকার, সিপিআই(এম) নেতা নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী, আরএসপি’র তাপস গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের অনিরুদ্ধ বসু, সিপিআই’র অনিমেষ ব্যানার্জি, লক্ষ্মী মাহাতো, এসইউসিআই’র গৌতম ভট্টাচার্য প্রমুখ। বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিলটি বেরিয়ে কোর্টমোড়, হাসপাতাল মোড়, হাসমিচক হয়ে হিলকার্ট রোড ধরে এগিয়ে যায়। সেবক মোড় পাড় করে এয়ার ভিউ মোড়ে মিছিলের সমাপ্তি ঘটে। মিছিলে ছাত্র যুব, মহিলা, শিক্ষক, লেখক, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুকস্টলে হামলা প্রসঙ্গে মিছিলে হাঁটতে হাঁটতে পার্টির রাজ্য কমিটির প্রবীন নেতা জীবেশ সরকার বলেন, মানুষের মুক্ত চিন্তায় ফ্যাসিবাদী হামলা হচ্ছে। গণতান্ত্রিক চিন্তাভাবনার উপর আক্রমণ হচ্ছে। গোটা রাজ্যের সঙ্গে শিলিগুড়ি শহরের ঐতিহ্যকে এই ফ্যাসিবাদী শক্তি কলঙ্কিত করেছে। এটা শিলিগুড়ির ঐতিহ্য বিরোধী। সেই আক্রমণের প্রতিবাদেই দলমত নির্বিশেষে সমস্ত মানুষদের সাথে নিয়ে আজকের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। সবাইকে একত্রিত হবার আহ্বান জানাচ্ছি মিছিল থেকে। আগামীদিনে মতাদর্শগত প্রচার ও জনগনকে সংগঠিত করে আন্দোলনও চলবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা হবে। তিনি বলেন, খুবই অল্প সময়ে বিজেপি দল এতো বেশী অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে যে গণতান্ত্রিক শক্তিকে আক্রমণ করছে। ১৯৩৩সালে ১০ মে জার্মানিতে হিটলার নাৎসী সরকার বই পুড়িয়ে দেওয়া হয়েছিলো। আজকে পশ্চিমবঙ্গে নয়া ফ্যাসিবাদী সরকার বিজেপি বই পুড়িয়ে দিচ্ছে। বইয়ের ওপর আক্রমণ করছে। জনগনকে সাথে নিয়েই এই নয়া ফ্যাসিবাদকে মোকাবিলা করা হবে।
