গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত কারখানাটির গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১১ মিনিটের মধ্যে, সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা। বর্তমানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
