নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: লক্ষ্মীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একটি আধুনিক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার ( ১৮ অক্টোবর) চিঠিটি গ্রহন করেছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের একজন কর্মকর্তা লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পানিসম্পদ মন্ত্রী চিঠিতে লিখেছেন, লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে লক্ষ্মীপুরের পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম সহজ হবে ।
চিঠিতে বলা হয়েছে, লক্ষ্মীপুর একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা। এ অঞ্চলের মানুষ নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বসবাস করেন। এসব দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরসহ আশপাশের উপকূলীয় এলাকার আনসার ও ভিডিপি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগকালীন দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে একটি আধুনিক ও স্থায়ী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন। বর্তমানে প্রশিক্ষণের জন্য দূরবর্তী স্থানে যেতে হওয়ায় সদস্যদের সময় ও ব্যয় বাড়ছে। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায়ও নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা সহায়তা, অগ্নিনির্বাপণ ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন বিষয়ে সদস্যদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।
চিঠিতে লক্ষ্মীপুর জেলার উপযুক্ত স্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় বিবেচনা ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
