জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি যৌথ অভিযানে ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারতে পাচারের উদ্দেশে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরইল গ্রামে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পুলিশ এ অভিযান চালায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।
আজ বিকেলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী এক বিজ্ঞপ্তিতে জানান, প্রথম অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির ওজন ৪২ কেজি ৭০০ গ্রাম এবং অন্যটির ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে আরও একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এটির ওজন ৮ কেজি ৮০০ গ্রাম। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। স্থানীয় একটি চক্রের মাধ্যমে মূর্তিগুলো ভারতে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।
