প্রকাশিত: ১৫:২৬, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:২৬, ১৩ অক্টোবর ২০২৬
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় গবেষণা উৎসবে অংশ নেন দেশের ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার চর্চা বাড়ানো, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষক-শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে গবেষণাবিষয়ক আলোচনা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও প্যানেল পর্বে চারটি বিষয়ে কথা বলেন গবেষক ও শিক্ষাবিদেরা। ব্যবসায় শিক্ষা বিষয়ে পর্বের শিরোনাম ছিল ‘লাভের বাইরে: সামাজিক প্রভাবের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা কি ব্যবসার সংজ্ঞা বদলে দিতে পারেন?’। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদসংশ্লিষ্ট পর্বের শিরোনাম ছিল ‘শ্রেণিকক্ষের বাইরে: শিক্ষা রূপান্তরে শিক্ষাবিদ ও ভবিষ্যৎ নেতৃত্বের সংযোগ’।
এছাড়া, জীববিজ্ঞান বিষয়ক পর্বের শিরোনাম ছিল ‘অণু থেকে মানবতা: বৈশ্বিক স্বাস্থ্য খাতে ভবিষ্যৎ গঠনে জীববিজ্ঞান কত দূর এগোতে পারে?’ এবং বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক পর্বের শিরোনাম ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানোবিজ্ঞানের মেলবন্ধন: আমরা কি পরবর্তী প্রযুক্তিগত বিপ্লবের জন্য প্রস্তুত?’
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন এটাই প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গবেষকও এসেছেন। এটি নলেজ শেয়ারিংয়ের অন্যতম হাব হিসেবে কাজ করবে।”
