ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের নতুন ‘স্কুল ডিক্রি’ ও বর্ণবাদী নীতির বিরুদ্ধে বিরুদ্ধে রাজধানী রোমের তরপিনাত্তারা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববারের (১৮ অক্টোবর) এ সমাবেশে অভিবাসী পরিবার, মানবাধিকারকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বিক্ষোভকারীরা সরকারের বিতর্কিত শিক্ষানীতি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে অভিবাসীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক অভিবাসী প্রতিনিধি বলেন, ইতালির সার্বিক উন্নয়নে অভিবাসী পরিবারের অবদান অনস্বীকার্য। কিন্তু মেলোনির নেতৃত্বীন সরকার একের পর এক বর্ণবাদী সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অভিবাসী সমাজকে মূলধারা থেকে আলাদা করার চেষ্টা করছে। স্কুলে বোরকা নিষিদ্ধ করা কিংবা বিদেশি শিক্ষার্থীর ওপর সংখ্যাগত সীমা চাপানো কোনো সমাধান নয়, এটি সরাসরি আমাদের ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারে আঘাত।
সমাবেশ থেকে অভিবাসী অভিভাবক ও আয়োজকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার যদি এ ধরনের বৈষম্যমূলক ও কট্টরপন্থী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে তারা আগামী দিনে পুরো ইতালিজুড়ে আরও বৃহৎ সামাজিক ও আইনি আন্দোলন গড়ে তুলবেন।
