বৃহস্পতিবার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
Published : 12 Oct 2026, 08:57 PM
Updated : 12 Oct 2026, 08:57 PM
কুমিল্লার লালমাইয়ে ‘ধর্ষণের পর’ হত্যার শিকার স্কুলছাত্রীকে প্রতারণার মাধ্যমে এক তরুণ কক্সবাজারে নিয়ে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরী নামের ওই তরুণকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান।
বৃহস্পতিবার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে নগরীর রেসকোর্স এলাকায় থাকত সে।
বুধবার রাতে ওই কিশোরী কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরেছিলেন বলে আগেই জানিয়েছিল পুলিশ।
রোববার রাত ১০টার দিকে কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন চন্দ্রিমা আবাসিক এলাকার পাশে হোটেল লুলুয়া বে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানেই কাজ করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, “রাজু নিজেকে হোটেল মালিকের ছেলে এবং স্নাতক পাস পরিচয় দিয়ে কিশোরীকে প্রতারণার মাধ্যমে কক্সবাজারে এনেছিলেন। অথচ রাজু সেখানে কাজ করতেন এবং এসএসসি পাসও না।”
কিশোরীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কুমিল্লার তদন্ত কর্মকর্তারা রাজুকে জিজ্ঞাসাবাদ করবেন।
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান বলেন, “হয়তো রাজু খুন করেনি; কিন্তু খুনের আগে তিনি তো অন্যায় করেছেন।”
রাজুর দেওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজার এসেছিলেন।
সোমবার দুপুরে রাজুকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
বাস সুপারভাইজারের বক্তব্য
ওই কিশোরী কক্সবাজার থেকে আইকনিক এক্সপ্রেসের একটি বাসে করে কুমিল্লায় ফিরেছিলেন।
বাসটির সুপারভাইজার মো. রাসেল বলছিলেন, বাসটি কক্সবাজার থেকে ছাড়ার নির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টার হলেও বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে দুপুর ১টার দিকে।
রাসেল বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ ও যানজটের কারণে দীর্ঘ সময় লাগে। রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার সোয়াগাজিতে কানন রেস্তোরাঁয় যাত্রাবিরতি করে বাসটি।
তার ভাষ্য অনুযায়ী, বাসের ডি-১ আসনের যাত্রী ওই কিশোরী কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নেমে যান।
