অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে তিনি ফোনে নুরের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন।
আলোচনায় রাষ্ট্রপতি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি এ হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও আশ্বাস দেন।
দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতির এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোখে রক্ত জমাট বাঁধা রয়েছে। এ কারণে নিউরোসার্জারি, নাক-কান-গলা, আইসিইউসহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আবারও সিটি স্ক্যান করে মস্তিষ্কের রক্তক্ষরণের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।
