প্রযুক্তিনির্ভর আধুনিক যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির আবেগ, স্মৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সজীব করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘চিঠি উৎসব’। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লা ডাক বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ ব্যতিক্রমী উৎসব অনুষ্ঠিত হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, কুবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল প্রিয়জনের কাছে চিঠি লেখা ও ডাকযোগে পাঠানোর সুযোগ। শিক্ষার্থীরা মাত্র ১২ থেকে ২২ টাকায় বিশেষ ডাকসেবার মাধ্যমে তাঁদের মনের আবেগ ও অনুভূতির কথা কাগজে ফুটিয়ে তুলে প্রিয়জনের কাছে পাঠান। ডিজিটাল যুগের দ্রুতগতির বার্তার ভিড়ে কাগজ-কলমে চিঠি লেখার এই সুযোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা যুথি বলেন, "চিঠির মধ্যে অন্য রকম এক আবেগ লুকিয়ে আছে। তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা চিঠি লিখতেই প্রায় ভুলে গেছি। এখানে এসে চিঠি লিখতে পেরে খুব ভালো লাগছে।"
কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম তাঁর প্রয়াত দাদাকে স্মরণে চিঠি লিখে আবেগঘন মুহূর্ত তৈরি করেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তাঁর ২৩ বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে কখনো মুখে বলতে না পারা কথাগুলো চিঠির পাতায় প্রকাশ করেন।
চিঠি লেখার পাশাপাশি উৎসবে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী ও নানা ধরনের স্টল; যেখানে ১, ২, ৩, ৪, ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানের বিরল ও স্মারক ডাকটিকিট প্রদর্শন করা হয়, যা নতুন প্রজন্মকে ডাকটিকিটের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। ফ্রেশ স্টেশনারির সহযোগিতায় উৎসবে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের চিঠি লেখার উপকরণ সরবরাহ করা হয় এবং আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে ‘ফ্রেশ কফি’এর সৌজন্যে আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি কফি স্টলের ব্যবস্থা করা হয়। এ ছাড়া অভ্যন্তরীণ ও বৈদেশিক ডাক, রেজিস্ট্রি, স্পিড পোস্ট, পার্সেল, সঞ্চয়পত্র এবং ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্পষ্ট ধারণা দিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, "ডিজিটাল যোগাযোগব্যবস্থার ব্যাপক প্রসার ঘটলেও ডাক বিভাগের গুরুত্ব এখনো অপরিসীম। সময়োপযোগী প্রচারণার মাধ্যমে ডাক বিভাগের নতুন ও আধুনিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।"
কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তরুণ প্রজন্মকে চিঠি লেখার ঐতিহ্য ও ডাকসেবার আধুনিক রূপ যেমন স্পিড পোস্ট ও পার্সেল সেবার সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনে স্পন্সর হিসেবে যৌথভাবে অংশগ্রহণ করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), ফ্রেশ স্টেশনারি এবং ফ্রেশ কফি। দিনব্যাপী এ উৎসবটি শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে শেষ হয়।
