ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় তাঁদের গাড়ি ইজারার আওতামুক্ত বলে জানালে ওই যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তার কোনো ভাতিজা নেই। ইজারা বাতিলের জন্য তিনি পৌরসভা কর্তৃপক্ষকে বলেছেন।
যে আই
