রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা দেওয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার ও পুলিশকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ট্রাফিক পুলিশের সবুজবাগ জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। এ সময় তিনি একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন।
যাচাইয়ে দেখা যায়, মোটরসাইকেলটির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে এবং মালিকানা পরিবর্তন করা হয়নি। এ ছাড়া চালক তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এসব কারণে আইন অনুযায়ী মামলা ও জরিমানা করার প্রক্রিয়া শুরু হলে চালক শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের সামনে সরকার ও পুলিশ বাহিনীকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে মব তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করেন। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার শহিদুল ইসলামকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
