রাজধানীর দক্ষিণ বনশ্রীতে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ বনশ্রীর একটি বাসার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি বাংলাদেশেই থাকতেন এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির দারোয়ান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে।
