সার্বজনীন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন এসআরবি’র রংপুর অঞ্চলের ১৩ নম্বর ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. আবু রোহানী পারভেজ রনি।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গুজব শনাক্ত করা এবং প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করতে এসআরবি’র একটি বিশেষ দল সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষকে যাচাই না করা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কোম্পানি কমান্ডার বলেন, পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানান তিনি। পরিদর্শনকালে এসআরবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক রনিক চন্দ্র এবং স্থানীয় পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা