এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিপাইনের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। উজবেকিস্তানে রোববারের ম্যাচে এই ফলের পর চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২–১ গোলে হারিয়ে আশা তৈরি করেছিল বাংলাদেশ। তবে ফিলিপাইন নিজেদের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে চার গোলে হারানোয় সমীকরণে এগিয়ে ছিল। বাংলাদেশের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই তাদের চলত; শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট পেয়েছে তারা।
আগামী বছরের মার্চে চীনে চূড়ান্ত পর্ব আয়োজনের কথা রয়েছে। সেখানে ১২টি দল অংশ নেবে। বাছাইয়ের আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সরাসরি খেলবে স্বাগতিক চীন, উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বাংলাদেশের অভিযান বাছাইয়েই শেষ হলো।
