Published on
:
2 min read
অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়
আজ নিশ্চয়ই তাঁর ফোন বাজত বারবার। প্রশ্ন উড়ে আসত, 'সেই হ্যাটট্রিক মনে আছে তো আপনার?' লাজুক হেসে হয়তো উত্তর দিতেন সে দিনের 'নায়ক।'
'উত্তর দিতেন' বলতে হচ্ছে, কারণ কাপ উইনার্স কাপে ৩৩ বছর আগের এক বিকেলে ইরাকের অন্যতম নামী ক্লাব আল জাওরার বিরুদ্ধে একমাত্র ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করা কার্লটন চ্যাপম্যান আজ সব কিছু ছাপিয়ে চিরতরে চলে গিয়েছেন স্মৃতির পাতায়! সেই ম্যাচে আল জাওরাকে ৬ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। এত বড় ব্যবধানে এটাই প্রথম এবং শেষ জয়। আশ্চর্যের হলো, ইস্টবেঙ্গলের স্কোরার কার্লটনের মতো সেই টিমের কোচ শ্যামল ঘোষও পৃথিবীর মায়া কাটিয়ে বহু দূরে।
সোমবার, ৩৩ বছর পরের বিকেলে যুবভারতীর ঝাঁ চকচকে মিডিয়া রুমে বসে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ আন্তেনিও আবাসের অবশ্য এ সব জানার কথা নয়। তবে তাঁর কথাতেও যতটা আত্মবিশ্বাস, তা হয়তো সে দিন শ্যামল ঘোষের গলাতেও ছিল। আজ সন্ধেয় ইরাকের অন্যতম শক্তিশালী ক্লাব আল শোর্তার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে মাঠে নামার আগে আবাসের স্পষ্ট কথা, 'ওদের টিমে বিশ্বমানের ফরোয়ার্ড আছে হয়তো। কিন্তু আমরা প্রতিপক্ষের পুরো টিম নিয়ে ভাবছি এবং এটাও বলছি, আমাদের টিমেও আন্তর্জাতিক মানের ফুটবলার আছে।' জুড়ে দিলেন, 'আমার কাছে এই ম্যাচটা নকআউট!'
আবাসের কথাতেই স্পষ্ট, আজ 'বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী' তিনি ছাড়বেন না। কারণ জার্সির রং লাল হলুদ হলেও আড়ালে কিন্তু দেশ। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক ফুটবলের আবহে ভাসছে শহর কলকাতা। ব্রাজ়িল-উরুগুয়ে, মেয়েদের রাশিয়া টিমের পরে আবার ইরাকের ক্লাব বনাম ইস্টবেঙ্গল। দেশের সম্মান যে টিম ইন্ডিয়া খুব একটা রাখতে পেরেছে, তা নয়। ছেলে এবং মেয়েদের টিম মিলিয়ে ২৩ গোল হজম করাটা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয় নিশ্চয়ই। আজ তাই ইস্টবেঙ্গলের উপরে বাড়তি প্রত্যাশা থাকবে সম্মান ফেরানোর।
ইরাকের টিমের তিউনিশিয়ান কোচ সামি ত্রাবেলসি। তাঁর কোচিংয়ে আমেরিকা বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছিল তিউনিশিয়া। তার পরেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই টিমের সঙ্গে এসেছেন গোলকিপার জালাল। যিনি বিশ্বকাপে খেলেছিলেন। একাধিক গোলও হজম করেছিলেন। তিনি আজ থাকবেন তিন কাঠির নীচে। রশিদ, লোবো, ডেভিডদের সামনে চ্যালেঞ্জ বিশ্বকাপার গোলকিপারকে টপকে গোল করার। এ ব্যাপারে আত্মবিশ্বাসী দেখাল লাল হলুদ ডিফেন্ডার জয় গুপ্তাকে। বললেন, 'আমরা জিতবই। আমাদের টিমের যে কেউ গোল করতে পারে।'
আবাস যেমন প্রতিপক্ষ টিমের খেলা দেখেছেন, খোঁজ রেখেছেন, আল শোর্তার কোচও ইস্টবেঙ্গলের সম্পর্কে ভালো রকম হোমওয়ার্ক করেই এসেছেন। খুব সম্প্রতি ইরাকে প্রচুর বাসমতি চাল রপ্তানি করেছে ভারত। যা নিয়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছে ইরাক সরকার। কিন্তু আজকের ম্যাচে সুগন্ধী চালের গন্ধ থাকবে না। দুই টিমই যে 'যুদ্ধং দেহি' মেজাজে!